ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের নতুন হাটখোলা বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী মোঃ গোলাম বারি শেখ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ২০০৫ সাল থেকে ওই বাজারে কাঁচামালের আড়ৎ পরিচালনা করে আসা এই ব্যবসায়ী জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শুধু শারীরিক নির্যাতনই নয়, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
গোলাম বারি শেখের অভিযোগ, আওয়ামী লীগ নেতা মুকাদ্দাস হোসেন জোরপূর্বক তাঁর আড়ৎ অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন এবং তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তিনি দাবি করেন, শুধু বিএনপির রাজনীতি করার অপরাধে তাঁকে র্যাব দিয়ে গ্রেপ্তার করিয়ে টানা ৩৪ দিন জেল খাটানো হয়েছিল। এছাড়া নতুন হাটখোলা বাজার এলাকায় মুকাদ্দাস হোসেনের মাধ্যমে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো বলেও তিনি উল্লেখ করেন।
ভোক্তভোগী এই ব্যবসায়ী আরও আক্ষেপ করে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলালেও ৫ তারিখের পর থেকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে তাঁকে কোনো মূল্যায়ন করা হয়নি। বিষয়টি জেলা বিএনপিকে বারবার জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি।
বর্তমানে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অন্য দোকান বসিয়ে কাস্টমারদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যা তাঁর ব্যবসার অপূরণীয় ক্ষতি করছে। এমন পরিস্থিতিতে নিজেকে অত্যন্ত অসহায় দাবি করে গোলাম বারি শেখ পুরো ঘটনার সুষ্ঠু বিচার ও প্রতিকার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ