গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশগত ছাড়পত্র না থাকা, নবায়ন না করা ও শর্ত ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’সহ সিলেট বিভাগের ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল সোমবার (১৫ জুন) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফকে সবচেয়ে বেশি অর্থাৎ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে হবিগঞ্জের স্টার পোরসেলিন লিমিটেডকে ২ লাখ টাকা এবং ম্যাটাডোর প্লাস্টিক ও রাবার ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশগত নিয়ম অমান্য করায় সিলেট উপশহরের গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ২০ হাজার টাকা এবং হবিগঞ্জ সদরের আধুনিক ডায়াগনেস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরিবেশগত ছাড়পত্র না থাকায় বিভিন্ন ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিককে ৫ থেকে ১০ হাজার টাকা, সুনামগঞ্জের ছাতকের একটি স’ মিলকে ৫ হাজার টাকা এবং লাইফ লাইন ব্লাড ব্যাংককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় এবং দূষণ নিয়ন্ত্রণে সিলেট বিভাগজুড়ে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল পরিবেশ অধিদপ্তরের এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে অনেকের মতে, শুধু জরিমানা করেই ক্ষান্ত না হয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
এআইএল/সকালবেলা
|