গাজীপুরে খালের ওপর সেতুতে ভয়াবহ ফাটল, ধসের শঙ্কা

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ
গাজীপুরে খালের ওপর সেতুতে ভয়াবহ ফাটল, ধসের শঙ্কা
সেতুটির বর্তমান চিত্র। ছবি: মহিউদ্দিন আহমেদ, সকালবেলা প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে সেরা খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতুতে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে সেতুটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেতুর দুই পাশে ফাটল দেখা দিলেও বুধবার (১৭ জুন) সকালে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়। এরপর থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুর এক পাশে লাল নিশান টানিয়ে দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে অবগত থাকার পরও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “অনেক দিন ধরেই সেতুটি নড়বড়ে ছিল। এখন বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আগে ব্যবস্থা নিলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না।”

এলাকাবাসী জানান, গোসিংগাসহ আশপাশের কয়েকটি গ্রামের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। সেতুতে বড় ফাটল দেখা দেওয়ায় অনেকে আতঙ্ক নিয়ে চলাচল করছেন।

তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত শুরু হলে সেতুটির পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে। তাই দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সেতুর ফাটলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৌশলী দল পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ঝুঁকি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন