ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুর

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুর

আলম ফরাজী, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামে মাদক কারবারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বাড়িঘর ভাঙচুর, আসবাবপত্র পুড়িয়ে দেওয়া এবং বেধড়ক পিটুনি দিয়ে এলাকাছাড়া করার ঘটনা ঘটেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে শুরু হওয়া এই গণ-উচ্ছেদ অভিযান আজ শুক্রবারও (১২ জুন) অব্যাহত ছিল বলে খবর পাওয়া গেছে।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক ব্যবসায়ীদের ঘরবাড়ি ভাঙচুর ও সালিশ দরবারে প্রকাশ্যে চড়-থাপ্পড় ও পিটুনির বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের উদং মধুপুর এলাকায় একটি মসজিদের পাশে অবাধে মাদকের কেনাবেচা করছিলেন পাঞ্জু মিয়ার ছেলে আমীন মিয়া ও তাঁর স্ত্রী ছামিলা খাতুন। বারবার বারণ করার পরও ব্যবসা বন্ধ না করায় আজ জুমার নামাজের পর স্থানীয় ক্ষুব্ধ যুবসমাজ ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়। তাঁরা বসতবাড়ি ভাঙচুর করে পুরো পরিবারকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া মো. বিজয় ভূঁইয়া বলেন, “এদের মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। আমীন মিয়া এলাকায় মাদকের ডিলার এবং তাঁর স্ত্রী ছামিলা খাতুন ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও এলাকাবাসীকে বাঁচাতে এই দম্পতির ঘরবাড়ি উচ্ছেদ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।”

অভিযোগ উঠেছে, তিনটি উপজেলার অন্তত ১০টি এলাকায় এমন উচ্ছেদ অভিযান চালানো হলেও থানা-পুলিশকে কোনো কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি। কথিত ‘সচেতন যুবসমাজ’ মাদক ব্যবসায়ী সন্দেহে কাউকে মারধর ও উচ্ছেদ করলেও কাউকেই পুলিশের হাতে সোপর্দ করেনি।

আন্দোলনকারীদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের গ্রেফতার করলেও তারা কয়েকদিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে আবার একই পুরনো ব্যবসা শুরু করে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। তবে ভুক্তভোগীদের স্বজনদের দাবি, পরিবারের একজনের অপরাধের কারণে পুরো নির্দোষ পরিবারকে চরম বেকায়দায় পড়তে হচ্ছে এবং ঘরবাড়ি ছেড়ে যাযাবরের মতো ঘুরতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে জানান, “মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুর বা এলাকাছাড়া করার সুনির্দিষ্ট কোনো তথ্য বা লিখিত অভিযোগ এখন পর্যন্ত পুলিশের কাছে আসেনি। এলাকাবাসীও মাদক ব্যবসার অভিযোগে কাউকে থানায় সোপর্দ করেনি।”

তিনি আরও বলেন, “কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের খোঁজখবর নিতে এবং গ্রামীণ এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করতে কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন