এসির ভেতরে মিললো দুই জোড়া কালনাগিনী

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
এসির ভেতরে মিললো দুই জোড়া কালনাগিনী

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালে একটি আবাসিক বাসার শয়নকক্ষের (বেডরুম) এয়ার কন্ডিশনারের (এসি) ইনডোর ইউনিট থেকে চারটি জ্যান্ত কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার (২৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টার পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের হাজী বাড়ি এলাকার বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দুই জোড়া কালনাগিনী সাপ আজ রবিবার সকালে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, গত শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে হঠাৎ একটি সাপের লেজ ঝুলতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তিনি আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের সতর্ক করে ওই কক্ষে সবার প্রবেশ বন্ধ করে দেন। এরপর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে, সেখান থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনটির একদল উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং সুকৌশলে উদ্ধার অভিযান শুরু করেন।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দীর্ঘক্ষণের নিখুঁত ও সতর্ক অভিযানের পর এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে এসির আউটডোর ইউনিটে অবস্থান করা আরও একটি সাপকে ধরা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এসির ভেতরের কৃত্রিম উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো প্রজনন বা আশ্রয়ের জন্য সেখানে ডেরা বেঁধেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বরিশালে এসি থেকে সাপ উদ্ধারের ঘটনা এটিই প্রথম নয়। চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খোদ ডিআইজির কক্ষের এসি থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিক্যাল সার্ভিসেস ক্লিনিক থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এই সংগঠনের সদস্যরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন