কয়রায় বিদ্যুৎ বিভ্রাটে গভীর রাতে মানববন্ধন
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র ও অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দারা প্রতিনিয়ত অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তীব্র গরমে দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে শিশুদের শরীরে বিভিন্ন চর্মরোগ দেখা দিচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই অসহনীয় পরিস্থিতির প্রতিবাদে গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বেদকাশী ইউনিয়নের কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতির ফুলতলা অভিযোগ কেন্দ্রের সামনে এক ব্যতিক্রমী গভীর রাতের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিনোদন ও সেবামূলক সংগঠন “ইফতার খাওয়া পার্টি (ই'খা'পা)”। এতে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তীব্র ক্ষোভের মুখে এই গভীর রাতে মানববন্ধন পালিত হওয়ার পর পরই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও প্রায় রাতেই বিদ্যুৎহীন থাকতে হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়। কখন বিদ্যুৎ আসবে বা যাবে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কোনো তথ্য জানায় না। এমনকি অভিযোগ কেন্দ্রে বারবার ফোন করা হলেও অধিকাংশ সময় কর্মকর্তারা ফোন রিসিভ করেন না। এতে সাধারণ গ্রাহকদের ক্ষোভ দিন দিন চরম আকার ধারণ করছে।”
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপকূলের সমাজকর্মী শাহারুল ইসলাম সুজন বলেন, “কোনো নোটিশ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা এবং গ্রাহকদের ফোন না ধরা চরম দায়িত্বহীনতা। দ্রুত এই সমস্যার কার্যকর সমাধান না হলে ভবিষ্যতে উপজেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর গণ-কর্মসূচি দেওয়া হবে।”
বিদ্যুৎ বিভ্রাটের এই সংকটের বিষয়ে জানতে চাইলে কয়রা উপজেলা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মো. মাহফুজুর রহমান খাঁন বলেন, “কয়রাতে এই মুহূর্তে সরকারি কোনো লোডশেডিং নেই। তবে আমাদের সঞ্চালন লাইনটি ২৫-৩০ বছর আগের অত্যন্ত পুরোনো, যা মূলত সাতক্ষীরা থেকে এসেছে। বর্তমানে তেতুলিয়া, বহিরামপুর ও গাবতলা এলাকায় সাতক্ষীরা খাল খননের উড়ন্ত কাদামাটির কারণে লাইনের ইনসুলেশন বাস্ট (পুড়ে) হয়ে যাচ্ছে। আমাদের অফিস থেকে এই দুর্গম স্পটগুলোর দূরত্ব বেশি হওয়ায় মেরামত করতে কিছুটা সময় ও দেরি হচ্ছে।”
তিনি আরও জানান, কারিগরি লাইনের সমস্যা যেকোনো সময় আকস্মিক হতে পারে, যা আগে থেকে বলা সম্ভব নয়। তবে আসন্ন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশেষ কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে যেন যেকোনো লাইনের সমস্যা দ্রুত সমাধান করা যায়।
এদিকে ভুক্তভোগী এলাকাবাসী কর্তৃপক্ষের এমন চেনা ফাঁকা আশ্বাস আর শুনতে চান না। তাঁরা অবিলম্বে এই জরাজীর্ণ ও জংধরা সঞ্চালন লাইন সংস্কার করে দ্রুত নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। উক্ত গভীর রাতের প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আশিকুল ইসলাম বাবু, সুজন ইসলাম, সজীব শেখ, ইমরান হাশমি, আরাফাত হোসেন ও আসিফ সরদারসহ স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা