ফেনীতে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাই

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
ফেনীতে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাই

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার কোরবানির হাটকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরস্থ র‍্যাব ক্যাম্পের কাছে এক খামারি ও ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে এই দুঃসাহসিক অপরাধ সংঘটিত হয়। মহাসড়ক ও র‍্যাব ক্যাম্পের এত কাছাকাছি এলাকায় এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের খবর জানাজানির পর স্থানীয় ব্যবসায়ী ও খামারিদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে সংবাদমাধ্যমকে জানান, “আসন্ন ঈদুল আজহার হাটে বিক্রির লক্ষ্যে এবং লাভের আশায় বিভিন্ন মানুষের কাছ থেকে চড়া সুদে ঋণ ও ধারদেনা করে ১০টি বড় কোরবানি উপযুক্ত গরু ক্রয় করি। ফেনীর রামপুর এলাকায় র‍্যাব ক্যাম্পের ঠিক পাশেই একটি নিরাপদ স্থানে গরুগুলো বেঁধে রেখে আমি নিজে রাত জেগে পাহারা দিচ্ছিলাম। আজ শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ একটি পিকআপ ভ্যানে করে এসে ৪/৫ জন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী আমার ওপর চড়াও হয়।”

তিনি আরও জানান, “সন্ত্রাসীরা সরাসরি আমার বুকে ও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চিৎকার করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখের সামনে দড়ি কেটে একটি বড় গরু টেনে তাদের গাড়িতে তুলে নেয়। আমার চিৎকার শুনে মহাসড়কের টহলরত ও আশেপাশের লোকজন ছুটে এসে গাড়িটির পেছনে ধাওয়া করলেও ততক্ষণে ছিনতাইকারীরা দ্রুত গতিতে ঢাকার দিকে পালিয়ে যায়।” অবুঝ পশুর এই শোকে এবং ঋণের দায় মাথায় নিয়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাঁর শেষ সম্বল গরুটি উদ্ধারে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা ও পশুর হাটের ইজারাদারেরা জানান, কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা বিপুল অর্থ বিনিয়োগ করে ফেনীর বিভিন্ন হাটে পশু নিয়ে আসছেন। মহাসড়কের পাশে খোদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পের নাকের ডগায় এমন অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা গ্রামীণ খামারিদের নিরাপত্তার বিষয়টিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম অস্ত্রের মুখে জিম্মি বা ডাকাত দলের ছিনতাইয়ের বিষয়টি আংশিক নাকচ করে দিয়ে দাবি করেন, “রামপুরে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি বা ছিনতাইয়ের কোনো বড় ঘটনা ঘটেনি। মূলত গরুর পাল থেকে একটি গরু চুরি হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ওসি আরও দৃঢ়তার সাথে বলেন, “পশুর হাটের আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোরবানির পশুবাহী গাড়ি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই চক্রের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

এ.আই.এল/সকালবেলা