কালকিনিতে ৩০৪ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
কালকিনিতে ৩০৪ কেজি মাছের পোনা অবমুক্ত

বি.এম. হানিফ, কালকিনি ও ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও কালকিনি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তসহ স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও সাইফ উল আরেফীন জানান, আমিষের চাহিদা পূরণ ও দেশীয় মাছের বংশবৃদ্ধিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ছোট পোনা শিকার বন্ধে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা