ময়মনসিংহ শহরের ৮৮ ক্যামেরার ৫৬টিই অচল
ময়মনসিংহ প্রতিনিধি: নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপিত ৮৮টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার মধ্যে ৫৬টিই এখন সম্পূর্ণ অচল। সচল আছে মাত্র ৩২টি। নজরদারি ব্যবস্থা এভাবে ভেঙে পড়ার সুযোগে শহরে চুরি, ছিনতাই ও মারামারিসহ অপরাধমূলক কর্মকাণ্ড লাগামহীনভাবে বেড়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানিয়েছেন, বেসরকারি অর্থায়নে স্থাপিত এসব ক্যামেরা মূলত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া, নেটওয়ার্ক জটিলতা ও বিদ্যুৎ সমস্যার কারণে বন্ধ হয়ে আছে। নতুন ক্যামেরা স্থাপন বা অচলগুলো মেরামতের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই। ফলে পুলিশ নিজস্ব তহবিল থেকে আংশিক রক্ষণাবেক্ষণ করলেও তা পর্যাপ্ত নয়। এমনকি ২০১৬ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা, ত্রিশাল ও সদর অংশে বসানো ২২০টি ক্যামেরার অনেকগুলোর কাঠামোই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ক্যামেরা অচল থাকায় অতি সম্প্রতি শহরে বড় বড় অপরাধের ঘটনা ঘটেছে। গত ১৬ জুন মিন্টু কলেজ রেলক্রসিং এলাকায় ছিনতাই, ১৭ জুন মাসকান্দা এলাকায় ব্যাংক কর্মকর্তা ছিনতাইকারীদের কবলে পড়া এবং ১৮ জুন সকাল ১০টায় গাঙ্গিনারপাড়ের মোবাইল মার্কেট থেকে প্রায় এক কোটি টাকার মোবাইল ও নগদ টাকা লুটের ঘটনা ঘটে। সিসি ক্যামেরা অচল থাকায় এসব অপরাধের তদন্ত ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম জানান, জননিরাপত্তার স্বার্থে এবং দ্রুত অপরাধী শনাক্তে এই সিসি ক্যামেরাগুলো অবিলম্বে সচল করা জরুরি।
এআইএল/সকালবেলা
|