চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আতা মিয়া নামে এক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর এলাকায় সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আতা মিয়া কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর জোয়ার খাল এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কের এক নির্জন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, যাত্রী সেজে অটোরিকশায় উঠে নির্জন স্থানে নিয়ে চালককে কুপিয়ে হত্যা করে যানবাহনটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা