পীরগাছায় অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
পীরগাছায় অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ী গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ভেজাল বালাইনাশক সংরক্ষণের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—পাওটানা হাটের ‘হাবিবা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান (আদম এলাকার ইব্রাহীম আলীর ছেলে) এবং ‘সফুরা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম (পূর্ব হাগুরিয়া হাসিম এলাকার আসমার উদ্দিনের ছেলে)।

অভিযান সূত্রে জানা গেছে, হাবিবা ট্রেডার্সে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন জানান, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন