মন্ত্রী মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে তোপের মুখে ফেনী জেলা পরিষদ প্রশাসক

প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
মন্ত্রী মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে তোপের মুখে ফেনী জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের। এবার সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন করে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন তিনি। তাঁর এই বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অধ্যাপক খালেকের এমন উক্তিকে অনেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ‘শিরক’-এর শামিল বলে ক্ষোভ প্রকাশ করছেন।

গত শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক প্রধান অতিথিকে ইঙ্গিত করে বলেন, “অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।”

এম এ খালেকের মুখ থেকে এমন কথা বের হওয়ার পরপরই অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র শোরগোল এবং কানাঘুষা শুরু হয়ে যায়। তাৎক্ষণিকভাবে অনেকে একে ‘অযোগ্যতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দেন।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মাওলানা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইসলাম ধর্মে কোনো সাধারণ মানুষকে নবীর সঙ্গে তুলনা করা স্পষ্ট শিরক। এর মাধ্যমে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ প্রশাসক এম এ খালেকের এমন সব বেফাঁস কথাবার্তা আর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় বিএনপিকে বারবার চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। দলটির একাধিক সিনিয়র নেতা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, খালেকের ব্যক্তিগত এসব কাণ্ডের দায় কোনোভাবেই দল (বিএনপি) নেবে না।

অধ্যাপক এম এ খালেকের এমন বিতর্কিত কাণ্ড এবারই প্রথম নয়। এর আগে গত ১৬ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গিয়ে স্কুলপড়ুয়া কচি-কাঁচা শিক্ষক ও শিক্ষার্থীদের দিয়ে ‘ভিআইপি প্রটোকল’ এবং গার্ড অব অনার সদৃশ আনুষ্ঠানিকতা নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন তিনি। সাধারণত গার্ড অব অনার কোনো বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রপ্রধান বা বীর মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শনের জন্য সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক সংবর্ধনা হলেও, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জেলা পরিষদের প্রশাসককে এ ধরনের সংবর্ধনা দেওয়ায় জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছিল।

তারও আগে, গত বছরের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতী দল আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি নিজের দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বসেছিলেন। সেদিন তিনি বলেন, “আমরা কখনো চাই না বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা।” অবশ্য পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি হলে ওই বক্তব্যকে নিজের ‘স্লিপ অব টাং’ (মুখের ভুল) উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছিলেন এম এ খালেক। তবে বারবার তাঁর এমন সব বেফাঁস মন্তব্য দল ও সাধারণ মানুষের মাঝে তাঁর গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলছে।