কবিরহাটে অটোরিকশা চাপায় কৃষক নিহত, আটক ১

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
কবিরহাটে অটোরিকশা চাপায় কৃষক নিহত, আটক ১

মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনেই মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। পরে উদ্ধার করে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাঁকে সজোরে চাপা দিলে তিনি গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাইজদীর হাসপাতালে নেওয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এসআই ইমদাদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করা হয়েছে। তিনি বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা