শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্কঃ প্রান্তিক ও গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তথ্য সংগ্রহকারীদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে মাঠকর্মীদের সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহম্মদ চৌধুরী। ফ্যামিলি কার্ডের প্রাথমিক স্তরের তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত মোট ৩৫ জন তথ্য সংগ্রহকারী এই প্রশিক্ষণ কর্মশালায় সরাসরি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, "গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সারা দেশে ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। এটি ইতোমধ্যে দেশব্যাপী পুরোদমে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই অংশ হিসেবে আজকের এই প্রশিক্ষণ।"
তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তিনি মাঠকর্মীদের উদ্দেশে কঠোরভাবে বলেন, "আপনাদের দায়িত্বটি অত্যন্ত মহৎ ও সংবেদনশীল। তথ্য সংগ্রহের ক্ষেত্রে দল-মত, জাতি-বর্ণ নির্বিশেষে প্রতিটি পরিবারকে আওতাভুক্ত করতে হবে, খেয়াল রাখবেন যেন কোনো প্রকৃত যোগ্য ব্যক্তি বাদ না পড়ে। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো সংগৃহীত তথ্য যেন কোনোভাবেই ভুল বা মিথ্যা না হয়। প্রাথমিক তথ্যে ভুল থাকলে পরবর্তীতে কার্ড বিতরণ ও ভাতা প্রদানে দীর্ঘমেয়াদি জটিলতার সৃষ্টি হবে।" মাঠপর্যায়ে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তথ্য সংগ্রহকারীদের আহ্বান জানান তিনি।
সকালবেলা / নুসরাত