সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ আসামি গ্রেফতার

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ আসামি গ্রেফতার

মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, অপরাধ দমন ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে পুলিশের পরিচালিত বিশেষ ‘ব্লক রেড’ অভিযানে ওয়ার্ড যুবলীগ সভাপতি ও খুনের আসামিসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ৭৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশ একাধিক চৌকস টিম নিয়ে এই অভিযান পরিচালনা করে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অপরাধীদের আস্তানায় একযোগে এ হানা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন বিরোধিতার অভিযোগে জামপুর ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সুলতানকে (৫০) গ্রেফতার করা হয়। এ ছাড়া আড়াইহাজার উপজেলার খালিয়ারচর গ্রামের খুনের মামলার আসামি কবির হোসেনকে (৬০) গ্রেফতার করে পুলিশ।

অভিযানে আটক অন্য আসামিদের মধ্যে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ১৭ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৩ জন রয়েছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—মো. আল হাসান (২৬), রাকিব (১৯) ও রুপা (২৭)।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে দয়াল চন্দ্র দাশ (২২), মো. হুমায়ুন (২৮), মো. রিফাত (২৪), শিহাব (১৯), মাকসেদুল (২৭), রানা মিয়া (৩৫), জুয়েল (২৮), অয়ন চন্দ্রশীল (২৪), মো. হারুন (২৮), মো. মুমিন (২৬), সফি উল্লাহ (২৮), কামাল হোসেন (২৮), হাসান লস্কর (১৮) ও উত্তম কুমার দাসকে (২৬) গ্রেফতার করা হয়।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পিরোজপুরের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার সোনিয়া আক্তার (৩৫) ও তাঁর স্বামী জাকির হোসেন এবং দুধঘাটা এলাকার মো. মোস্তফাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা