কমলগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
কমলগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলী (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) ভোরে নিজ বসতঘরের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত রমজান আলী সোনারগাঁও গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কিছুদিন আগে অসুস্থ অবস্থায় দেশে ফিরেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রমজান আলী ও তাঁর স্ত্রী আফিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে, যাতে দু'জনেই আহত হন। স্ত্রী আফিয়া বেগম প্রথমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অন্যদিকে, রমজান আলীও চিকিৎসা শেষে নিজের বাড়িতেই ছিলেন। আজ মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের বারান্দায় তাঁর নিথর দেহ ঝুলতে দেখেন।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

घटनाর সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন জানান, রমজান আলীর দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছিল বলে শোনা যাচ্ছিল। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা নিশ্চিত নয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পারিবারিক কলহের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা