গাজীপুরে মহাসড়কের পাশে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
গাজীপুরে মহাসড়কের পাশে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন ও সড়ক নিরাপদ রাখতে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানে ভবানীপুর বাজার থেকে বাঘের বাজার পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থাকা আনুমানিক ৪০০টি অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

শনিবার গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার নির্দেশে মহাসড়ক যানজটমুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। উচ্ছেদ অভিযান শেষে উদ্ধার করা জমি পরবর্তী রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, র‍্যাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা