সৈয়দপুরে বৃদ্ধকে পুড়িয়ে মারার চেষ্টা: পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
সৈয়দপুরে বৃদ্ধকে পুড়িয়ে মারার চেষ্টা: পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগানোর এক ভয়াবহ নাশকতার ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গুরুতর অগ্নিদগ্ধ ও ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাচারীপাড়ায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নাশকতার শিকার ওই বৃদ্ধের নাম আফাজ উদ্দিন (৬২)। তিনি কাচারীপাড়ার মৃত ঢেপা মাহমুদের ছেলে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা.

স্থানীয় সূত্রে জানা যায়, কাচারীপাড়ার বাসিন্দা ও অগ্নিদগ্ধ আফাজ উদ্দিনের ছেলে অটোচালক নুর হোসেনের (৩৫) সঙ্গে প্রতিবেশী আব্দুল জব্বারের (৫৮) পরিবারের দীর্ঘ ৬ মাস ধরে বিরোধ চলছিল। গত জানুয়ারি মাসে পূর্ব পাশের একটি জমির বটগাছের পাতা কুড়ানো নিয়ে আব্দুল জব্বারের স্ত্রী নুরজাহান বেগম ও নুর হোসেনের স্ত্রী লতা বেগমের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। সে সময় নুর হোসেন ঘটনাটি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে জব্বারের ছেলে আব্দুস সালাম চঞ্চল (২৮) বাধা দেন এবং নুর হোসেনের মোবাইলটি ভেঙে ফেলেন। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও নুর হোসেন তা মেনে নেননি।

এই আক্রোশের জেরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুরের তারাগঞ্জ বাজারে চঞ্চলকে একা পেয়ে নুর হোসেন কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। স্থানীয় জনতা নুর হোসেনকে আটকে রেখে আহত চঞ্চলকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে তারাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় নুর হোসেনকে তাঁর এলাকার ইউপি সদস্য আতিকুল ইসলামের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং আজ বুধবার বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে রাত ২টার দিকে সবাই বাড়ি ফিরে যান। কিন্তু এর মাত্র দুই ঘণ্টা পর ভোর ৪টার দিকে নুর হোসেনের টিনের ঘরে আগুনের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ বৃদ্ধের ছোট ছেলে আবু বকর সিদ্দিকের অভিযোগ, তারাগঞ্জের মারপিটের ঘটনার প্রতিশোধ নিতেই চঞ্চল ও তার পরিবারের লোকজন তাঁদের ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাক্রমে তাঁর ভাই নুর হোসেন পুরাতন বাড়িতে থাকায় ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ বাবা এই নৃশংসতার শিকার হয়েছেন। এই ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, চঞ্চলের বাবা আব্দুল জব্বার ও মা নুরজাহান বেগম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, "আমরা মেম্বার-চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি। সকালে ফেসবুকের মাধ্যমে আগুন লাগার খবর জানতে পারি। আমাদের ফাঁসাতে এবং মারপিটের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগিয়ে বৃদ্ধ বাবাকে বলির পাঁঠা বানিয়েছে।" হাসপাতালে চিকিৎসাধীন চঞ্চলও এই অগ্নিকাণ্ডকে নুর হোসেনের পরিকল্পিত নাটক বলে দাবি করেছেন।

এলাকার বাসিন্দা মিলন হোসেন ও রেজাউল ইসলাম জানান, যে টিনের ঘরে আগুন লেগেছে, সেখানে দুটি চৌকি থাকলেও যেটিতে বিছানা নেই, সেদিকের বেড়ার টিন পোড়ার চিহ্ন রয়েছে এবং বৃদ্ধের পরনের লুঙ্গির সামান্য অংশ ছাড়া ঘরের অন্য কিছু পুড়েনি। চঞ্চল রাতে হাসপাতালে ভর্তি থাকায় তাদের পরিবার এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হয় না; নিরপেক্ষ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।

স্থানীয় ৩ নং ওয়ার্ডের মেম্বার আতিকুল ইসলাম ও ৫ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সুমন বলেন, ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক ও ন্যাক্কারজনক। চঞ্চলের পরিবারের পক্ষে এমন কাজ করা যেমন কঠিন, তেমনি নুর হোসেনরা নিজেদের ঘরে নিজেরা আগুন দেবে তাও বিশ্বাসযোগ্য নয়। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

এআইএল/সকালবেলা