বাহাদুর শাহ পার্কে অবৈধ দোকান সরাতে ডিএসসিসির আল্টিমেটাম

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ
বাহাদুর শাহ পার্কে অবৈধ দোকান সরাতে ডিএসসিসির আল্টিমেটাম

সকালবেলা অনলাইন: ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) ঐতিহ্যিক সৌন্দর্য রক্ষা ও সাধারণ পথচারী-দর্শনার্থীদের চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পার্কের ভেতরের অবৈধ বাণিজ্যিক মেলার দোকানপাট অপসারণে আল্টিমেটাম প্রদান করেছে সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার পার্ক প্রাঙ্গণে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বৃক্ষরোপণ মেলার নামে বসানো অননুমোদিত বাণিজ্যিক স্টল ও দোকানপাট অবিলম্বে সরিয়ে নিতে রাত পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয় ডিএসসিসি।

অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে পরিবেশবান্ধব বৃক্ষমেলার অনুমোদন নিয়ে পার্কের ভেতর অননুমোদিতভাবে রকমারি পণ্যের মেলা ও বাণিজ্যিক পসরা সাজিয়ে বসেছিল একটি অসাধু চক্র। এর ফলে প্রতিদিন পার্কে আসা দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল, প্রাতঃভ্রমণ ও বিশ্রামে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে অননুমোদিত দোকানপাট ও স্টল সরিয়ে না নেওয়া হলে মঙ্গলবার সকাল থেকেই উচ্ছেদ অভিযান চালিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানানো হয়, নগরবাসীর জনস্বার্থ রক্ষা ও শহরের উদ্যানগুলোর সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে তাদের এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন