আশুগঞ্জে গাঁজাসহ চার মামলার আসামি গ্রেফতার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. বাদল মিয়া (৩৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৩ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর পূর্বপাড়া গ্রামের মো. রমজান মিয়ার ছেলে। আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা ও একটি স্যামসাং মোবাইল সেটসহ চালক বাদল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, বাদল মিয়া একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও চারটি মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। উদ্ধারকৃত মাদক ও সিএনজিসহ অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।"
এআইএল/সকালবেলা