নাটোরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
নাটোরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছী উত্তরপাড়ায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মান্নান সরকার মানু (৭০)। আটক হওয়া স্ত্রীর নাম রতেজান (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সকালে মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় স্ত্রী রতেজান পারিবারিক বিরোধের জেরে ধারালো হাসুয়া দিয়ে তাঁর গলায় আকস্মিক আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

রতেজানের চিৎকারে ও রক্তাক্ত অবস্থা দেখে পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত মান্নান সরকারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালের পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্ত্রী রতেজানকে আটক করে থানায় নিয়ে যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা