দিঘীনালায় আগুনে পুড়লো বসত ঘর

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
দিঘীনালায় আগুনে পুড়লো বসত ঘর

রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার ৩নং কবাখালি ইউনিয়নের জয় কুমার কার্বারী পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমা নামে এক ব্যক্তির বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

রবিবার (১৭ মে) রাত আনুমানিক ৩টার সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে ওই ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি এবং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অন্তনি চাকমা অত্যন্ত বুকফাটা আর্তনাদ করে জানান, আগুনে তাঁর পরিবারের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে ছাই গেছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তিনি দ্রুত সরকারি ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহযোগিতা কামনা করেছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা ক্ষতিগ্রস্ত অন্তনি চাকমার পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা