সৈয়দপুরে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পৈতৃক ভূমি বিরোধকে ঘিরে ৫০ জন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। পুলিশি গ্রেফতারি আতঙ্কে গত এক সপ্তাহ ধরে এলাকাছাড়া ও নিদ্রাহীন রাত কাটছে কাছারীপাড়া গ্রামের মানুষদের। এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের কাছারীপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের আয়োজনে গতকাল রবিবার (১৭ মে) সন্ধ্যা ৬টায় ওই এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুল, আব্দুল জলিল, ডা. লতিবুর রহমান, আব্দুল জব্বার, মজিবর রহমান, মো. বাবু, আশরাফুল, রেনুকা, মজিয়া খাতুন ও মুন্নী বেগম।
লিখিত বক্তব্যে জানা যায়, ভিন্ন গ্রামের অধিবাসী মামুন সরকার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৪২ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে গত ১২ মে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় বিবাদীরা হলেন—এজাবুল হক (৫৮), রমজান আলী (৪০), সাজু মিয়া (৩৭), লাজু মিয়া (৩৫), আশরাফুল (৪৫), এসরাফুল (৩৮), মো. জিসান (২২) ও মো. মুকুল মিয়া (৩২)। বর্তমানে এই সহজ-সরল গ্রামবাসীরা পুলিশের গ্রেফতারি আতঙ্কে ভুগছেন।
মামলার শিকার প্রধান আসামির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামবাসী মো. মুকুল মিয়া। তিনি বলেন, মরহুম জাহান উদ্দিন সরকার জীবিত থাকাকালে তাঁর তৃতীয় স্ত্রী মালেকা খাতুনকে দেনমোহর বাবদ আইসঢাল মৌজার ৯৮ খতিয়ানভুক্ত এস.এ ১০৬০ দাগে ১৯৭০ সালে সাফ কবলা দলিল মূলে ৭৪ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এরপর দীর্ঘদিন মালেকা খাতুন ওই জমি ভোগদখল করেন এবং বি.এস রেকর্ডেও তাঁর নাম প্রচারিত হয়। বাংলাদেশ জরিপে ওই জমির নতুন ১৫২ নম্বর খতিয়ানে ৮৩৫ নম্বর দাগ সৃষ্টি হয়। বি.এস রেকর্ডীয় মালিক মালেকা খাতুন মারা গেলে তাঁর একমাত্র পুত্র এজাবুল হক উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক হন।
কিন্তু নিরীহ এজাবুল হকের মায়ের এই জমির ওপর শ্যেনদৃষ্টি পড়ে ভিন্ন গ্রামের প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি মামুন সরকারের। গত ১১ মে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এজাবুল হক মাতৃসূত্রে প্রাপ্ত ভূমির ইরি বোরো ধান কাটতে গেলে বাধার সৃষ্টি করেন মামুন সরকার ও তাঁর দলবল। ওই দিন মামলা-হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় এজাবুলসহ তাঁর পক্ষভুক্ত মানুষদের। এর পরদিনই ১২ মে মামুন সরকার থানায় গিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি দায়ের করেন, যার ফলে কাছারীপাড়া গ্রাম এখন পুরুষশূন্য ও আতঙ্কগ্রস্ত।
মামুন সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাদের কোনো ভয়ভীতি দেখাইনি, বরঞ্চ উল্টো ওরা আমাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার চাষ করা ধান কেটে নিয়ে গেছে।”
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা মামলার সত্যতা নিশ্চিত করে জানান, “উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না।”
এ.আই.এল/সকালবেলা