ঈদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখতে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
ঈদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখতে কঠোর অবস্থানে প্রশাসন
বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও যান চলাচল নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ এবং হকার উচ্ছেদে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) শ্রীপুরের মাওনা চৌরাস্তায় হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ঈদযাত্রায় লাখো মানুষ এই মহাসড়ক ব্যবহার করবেন। তাই কোনোভাবেই মহাসড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। সড়ক ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুইঁয়া জানান, ঈদের সময় মাওনা চৌরাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে পশুর হাট বা দোকান বসিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হবে।

গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে মহাসড়কে ২৪ ঘণ্টা টহল ও মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সভায় স্থানীয় পৌর বিএনপি, পরিবহন মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনের এই শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।