দাউদকান্দিতে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
অনলাইন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে ঢাকামুখী লেনের ইলিওটগঞ্জের পুটিয়া থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিকেলের দিকে ফের যানজট শুরু হওয়ায় ভ্যাপসা গরমে যাত্রী সাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এর আগে টানা তিন দিন ভোর থেকে শুরু করে দিনের একটি বড় সময় এই মহাসড়কে যাত্রীরা যানজটের কবলে পড়েন। ভুক্তভোগী যাত্রী ও চালকেরা জানান, মহাসড়কের এই ১০ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
তিনি আরও বলেন, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে মহাসড়কে মালবাহী, পশুবাহী এবং যাত্রীবাহী যানবাহনের সংখ্যা একযোগে অনেক বেড়েছে। তবে মহাসড়কে যানজট নিরসন ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।