জামালপুরে পৃথক মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড এবং এক কিশোরীকে অপহরণের দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে হত্যা মামলায় দণ্ডিত আসামিকে পাঁচ লাখ টাকা এবং অপহরণ মামলায় এক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক দুটি মামলার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম হাফিজুল হক (৪৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার মৃত প্রধানের ছেলে। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী এলাকার শামীম (৩০), সাদেক মিয়া (২৫) ও জালাল মিয়া (২৮)।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী হনুফা বেগমকে মারধর করে হত্যা করেন স্বামী হাফিজুল হক। এ ঘটনায় নিহতের মা বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত হাফিজুলকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য ৪ আসামিকে খালাস প্রদান করেন।
অপরদিকে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকাল বেলা এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে সদর উপজেলার হরিপুর এলাকা থেকে অপহৃত হন। পরবর্তীতে পুলিশ গাজীপুর থেকে তাঁকে উদ্ধার করে। এই অপহরণের অপরাধে আদালত অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আসামি জালাল মিয়াকে অতিরিক্ত এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
এআইএল/সকালবেলা