দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল, ঝড়-বৃষ্টিতে চরম ভোগান্তি
অনলাইন ডেস্ক: আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ বাড়ি ফিরছেন। ঘরে ফেরার এই যাত্রায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত দুই-তিন দিন ধরেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ঘাট এলাকায় যানজট না থাকলেও আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ঘাট এলাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই সাধারণ যাত্রী ও মোটরসাইকেলের তীব্র চাপ। যাত্রীরা জানান, নদী উত্তাল থাকায় এবং আবহাওয়া বৈরী থাকায় তারা ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে পারাপার হওয়াকেই নিরাপদ মনে করছেন। তবে দৌলতদিয়া টার্মিনালে পর্যাপ্ত যাত্রী ছাউনি না থাকায় মুষলধারে বৃষ্টির সময় নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য যাত্রীকে খোলা আকাশের নিচে ভিজে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
এদিকে, কালবৈশাখী ঝড় ও প্রবল বাতাসের কারণে নদী প্রচণ্ড উত্তাল হয়ে উঠলে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে আজ বেলা সোয়া ১১টা থেকে প্রায় এক ঘণ্টার মতো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। এই আকস্মিক বন্ধের কারণে ঘাট এলাকায় কোরবানির পশুবাহী শত শত ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে সাময়িক জটলার সৃষ্টি হয়। পরে দুপুরের দিকে ঝড়ের তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, নদী অববাহিকায় ঝড়ো হাওয়া ও তীব্র বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই নৌরুটে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারে মোট ১৫টি ফেরি সার্বক্ষণিকভাবে চলাচল করছে।
অন্যদিকে, দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই মো. আবুজর গিফারি জানান, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের একপাশ দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের যাতায়াতের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ফেরিতে যানবাহন ওঠানামার সময় যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং ও সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হচ্ছে।