কুমিল্লায় ‘বঙ্গবন্ধু বুক কর্নারে’ বাজেট নিয়ে বিতর্ক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ স্থাপনের জন্য বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান স্বাক্ষরিত ২০২৫-২০২৬ অর্থবছরের খরচের বাজেট বিবরণী থেকে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মধ্যে নির্ধারিত বাজেটের আওতায় 'বঙ্গবন্ধু বুক কর্নার'-এর জন্য বই কেনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মাদকবিরোধী প্রচার ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ১০ লাখ টাকা বাজেট অনুমোদন করা হয়।
তবে বিগত ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি কোনো দপ্তরে দলীয় প্রতীকে এমন উদ্যোগ নেওয়া নিয়ে নানা মহল থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। সচেতন নাগরিক ও আন্দোলনসংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের আমলে শেখ মুজিবুর রহমানের নামে স্মৃতিস্তম্ভ ও কর্নার নির্মাণের নামে ব্যাপক অর্থ অপচয় এবং অনিয়ম করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সরকারি অর্থায়নে নতুন করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা দুঃখজনক।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার নেতৃবৃন্দ জানান, "বিভিন্ন সরকারি কার্যালয়ে এখনো এ ধরনের অনিয়ম ও তোষামোদি লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা না হলে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠবেন।"
উদ্ভূত বিতর্কের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান জানান, "বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ভুলবশত ঘটে গেছে। দাপ্তরিক এন্ট্রি থেকে আমরা এটি বাদ দিয়ে দিচ্ছি। কার্যালয়ের ভেতরের কেউ আমাকে বিভ্রান্ত বা হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমনটি করে থাকতে পারে।"
এআইএল/সকালবেলা
|