কোটচাঁদপুরে ভবন ভাঙতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
কোটচাঁদপুরে ভবন ভাঙতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ৮টার দিকে পুরোনো ভবন ভাঙার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ওই পরিত্যক্ত ভবনটি নিলামে বিক্রি করা হয়। নিলামে ভবনটি কিনে নেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গত সাত-আট দিন ধরে বাবা জামের আলী ও ছেলে ইয়ানুর সেখানে ভবন ভাঙার কাজ করছিলেন।

আজ সকালে ভবনের একটি রড টানার সময় ইয়ানুরের হাতে থাকা রডটি অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া পিডিবির ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপযুক্ত খোলা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে। এতে তিনি মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জামের আলী ছেলেকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে কোটচাঁদপুর বিদ্যুৎ অফিসের আবাসিক সহকারী প্রকৌশলী সাইদুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা বা দায় নেই বলে দাবি করেন তিনি।

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা