গফরগাঁওয়ে কলেজছাত্র খুন, অস্ত্রসহ আটক ১

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
গফরগাঁওয়ে কলেজছাত্র খুন, অস্ত্রসহ আটক ১

মোঃ জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে নাহিয়ান রবিন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে গফরগাঁও পৌর শহরের কলেজ রোড এলাকার মোতালেব প্লাজা থেকে অস্ত্র ও গুলিসহ মো. রাজীব নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রবিন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৌর শহরের মহিলা কলেজ রোড শিলাসী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে শহরের পশু হাসপাতাল রোডের বউ বাজার এলাকায় রবিনের জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রবিন তার বন্ধু মাসুমের মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা ৫-৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

হামলাকারীরা প্রথমে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মাসুম পালিয়ে বাঁচলেও রবিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রবিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের তদন্তে নেমে আজ দুপুরে গফরগাঁও পৌর শহরের ব্যবসায়ী আবদুল মোতালেবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তার ছেলে ও যুবলীগ কর্মী মো. রাজীবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজীবের বাসায় তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়ির সিঁড়িতে রক্তমাখা জুতার দাগ পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত রবিন (২৪) ও অভিযুক্ত রাজীবের (৪২) মধ্যে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধ ছিল। পূর্বে তাদের মধ্যে মামলা-পাল্টা মামলাও হয়েছিল। নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন ও মা শান্তা বেগম অভিযোগ করেন, পুরনো শত্রুতার জেরেই রাজীব ও তার সহযোগীরা রবিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি, রড ও মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূল অভিযুক্ত রাজীবকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এআইএল/সকালবেলা