প্রেমের টানে দেবিদ্বারে এসে হতাশা নিয়ে ফিরলেন চীনা যুবক
সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পরিচয়ের পর তিন মাসের প্রেমের টানে সুদূর চীন থেকে এক মাসের ভিজিট ভিসায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুরে ছুটে আসেন এক চীনা যুবক। তবে প্রেমিকার পরিবারের আপত্তি ও স্থানীয় বাসিন্দাদের অসম্মতিতে শেষ পর্যন্ত বিয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশা নিয়েই তাঁকে ফিরতে হয়েছে।
চীনা ওই নাগরিকের নাম মো জিয়াকিয়ান (MO JIAQIAN)। পাসপোর্টের তথ্য অনুযায়ী তাঁর জন্ম ১৯৯২ সালের ১৭ মার্চ। তিনি চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা এবং নিজ দেশে একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, উইচ্যাটে পরিচয়ের সূত্র ধরে দেবিদ্বারের সুলতানপুর এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাসের সম্পর্কের পর বিয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসেন। তরুণী বিয়েতে সম্মতি দিলেও তাঁর পরিবার ও এলাকাবাসী এতে রাজি হননি। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে দেবিদ্বার থানা পুলিশের দুই কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা ওই চীনা নাগরিকের সঙ্গে কথা বলেন এবং তাঁকে আপাতত নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে কুমিল্লা শহরের একটি হোটেলে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
এ সময় তাঁকে জানানো হয়, ভবিষ্যতে বাংলাদেশে বিয়ে করতে চাইলে নিজ দেশের দূতাবাস ও পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সে অনুযায়ী উপযুক্ত ভিসা নিয়ে পুনরায় বাংলাদেশে আসতে হবে। এ ছাড়া মুসলিম রীতিতে বিয়ে করতে চাইলে সংশ্লিষ্ট ধর্মীয় ও আইনগত বিধিবিধান অনুসরণের বিষয়টিও তাঁকে বুঝিয়ে বলা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ব্যক্তির চীনা নাগরিকত্ব নিশ্চিত করার লক্ষ্যে তাঁর পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
এআইএল/সকালবেলা