গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো প্রান্তে অস্থিরতা সৃষ্টি কিংবা নাশকতার অপচেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মূল শপথ হলো প্রয়োজনে জীবনের বিনিময়েও রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর প্রতিটি সদস্য সব সময় প্রস্তুত রয়েছেন।

চলমান শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের ষড়যন্ত্র ও পাঁয়তারা চালাচ্ছেন; তবে তাঁদের এসব অপচেষ্টা কখনোই সফল হবে না।

সীমান্তের ওপারে কী ঘটছে, তা নিয়ে মন্তব্য না করলেও দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এআইএল/সকালবেলা