আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি মুসলিম লীগের

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি মুসলিম লীগের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, দলটির সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন)। 

আজ শনিবার (২৮ নভেম্বর) শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী আওয়ামী লীগের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পাশাপাশি নাশকতা ও ধ্বংসাত্মক তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আজাদ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, মেধার অভাবে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা যায়নি; যোগ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা তৈরির মাধ্যমেই ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী বলেন, দেশে কার্যকর রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং রাজনৈতিক দলগুলোর প্রশিক্ষণ ও দর্শনভিত্তিক ইনস্টিটিউট নেই, যার মাধ্যমে রাজনৈতিক ফ্যাসিবাদ মোকাবিলা করা সম্ভব। এ জন্য সুশিক্ষিত ও রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ মুজিব দেশ ধ্বংস করেছেন এবং সেই ভারতীয় ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ মুসলিম লীগের রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আয়নাঘরের হোতা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ি, কেন্দ্রীয় নেতা শরিফ ইমরাউল ইসলাম মিলন, প্রফেসর জাকির হোসেন, শাহ-মুহাম্মদ ফেরদৌস হাসান, মুহাম্মদ মোস্তাফা জামাল, ইঞ্জিনিয়ার হোয়াই চিং মং চাক, অ্যাডভোকেট মাহবুব মোরশেদ তারেক এবং অ্যাডভোকেট ফকির জসিমউদ্দিন প্রমুখ।

এআইএল/সকালবেলা