দাগনভূঁঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
দাগনভূঁঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে দাগনভূঁঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হলে শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

আহত ব্যক্তিদের কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাঁদের ওপর হামলা চালানো হয়। তাঁদের দাবি, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু ও হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাঁদের মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করেন। এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়, শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ১০টি ভাঙচুর করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন পাল্টা দাবি করেন, অস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক ব্যক্তি পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য তিনি ফটিকের অনুসারীদের দায়ী করেন।

এ বিষয়ে জামশেদুর রহমান ফটিক বলেন, তাঁর অনুসারীরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে উল্লেখ করে তিনি সেখানে হামলার কোনো কারণ ছিল না বলে দাবি করেন।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, তাঁর বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন এবং এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসি বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা