কুষ্টিয়ার সীমান্তজুড়ে বিজিবির নিরাপত্তা জোরদার

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
কুষ্টিয়ার সীমান্তজুড়ে বিজিবির নিরাপত্তা জোরদার

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, মানবপাচার ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল দ্বিগুণ করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে সার্চলাইট ও এলইডি লাইট স্থাপন, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ এবং নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে রাতে পাহারা, মাইকিং ও সচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজন মানব ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ২ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। জননিরাপত্তার স্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা