দেশের মাটিতে পতিত স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
দেশের মাটিতে পতিত স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, বিদেশের মাটি থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে; তবে জনগণ ঐক্যবদ্ধ থাকায় তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরাধীনতাকামী কোনো পতিত শক্তি আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে; এ বিষয়ে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ রয়েছেন।

গণতান্ত্রিক চর্চার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে এবং এসব আদর্শ নিয়ে তর্ক-বিতর্কও হবে, এটাই স্বাভাবিক। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও ফিরিয়ে আনতে হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ বার্ষিক মাহফিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নিয়েছেন; আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা যায়।