১২ বছরের শিশুর বিয়ে নিবন্ধনের অভিযোগ কাজীর বিরুদ্ধে

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
১২ বছরের শিশুর বিয়ে নিবন্ধনের অভিযোগ কাজীর বিরুদ্ধে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে স্থানীয় নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) নূরুল মর্তুজার বিরুদ্ধে। উপজেলার মাগুড়া ইউনিয়নে জন্ম সনদ অনুযায়ী মাত্র ১২ বছর ১০ মাস বয়সী এক কিশোরীর বিয়ের এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নথিপত্র সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর (২০২৩ খ্রি.) উত্তর সিঙ্গেরগাড়ী জিকরিয়ালের মেয়ে নাছরিন আক্তারের সাথে একই এলাকার জুম্মাপাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ওবায়দুল ইসলামের বিবাহ নিবন্ধন (রেজিস্ট্রি) করান কাজী নূরুল মর্তুজা। তবে সরকারি জন্ম সনদ অনুযায়ী, ওই কিশোরীর জন্ম তারিখ ১০ ডিসেম্বর ২০১০ সাল। সে হিসাবে বিয়ের দিন কনের বয়স ছিল মাত্র ১২ বছর ১০ মাস, যা আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরের চেয়ে অনেক কম। স্থানীয়দের অভিযোগ, কাজী মর্তুজা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া বা জাল দলিলের মাধ্যমে এই নাবালিকার বিয়ে রেজিস্ট্রি করে একে বৈধ দেখানোর চেষ্টা করেছেন। শুধু নাছরিন নয়, তাঁর বিরুদ্ধে এভাবে রাতের আঁধারে বা গোপনে শত শত বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, আইন অমান্য করে এই বাল্যবিবাহ দেওয়ার কারণে বর্তমানে মেয়েটির সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রক্ষক হয়ে কাজীদের এমন ভক্ষকের ভূমিকার কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর বাল্যবিবাহ বিরোধী নানা উদ্যোগ ভেস্তে যাচ্ছে। ন্যূনতম বয়সের নিচে বিয়ে দেওয়া এবং জাল দলিল তৈরি করা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় এই কাজীর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত কাজী নূরুল মর্তুজা বিস্তারিত মন্তব্য না করে প্রতিবেদকের কাছে বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা সাব-রেজিস্ট্রার জানান, বিষয়টি জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার জন্য অবগত করা হবে। অন্যদিকে, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “বাল্যবিবাহের এ ধরনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা