সড়কে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিলেন মোরেলগঞ্জ ইউএনও

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
সড়কে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিলেন মোরেলগঞ্জ ইউএনও

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ২ বছরের এক শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলের খাল এলাকার একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারইখালী ইউনিয়নের বাসিন্দা মো. পলাশ ও মোছা. মিতু আক্তারের সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়। স্বজনেরা জানান, শিশুটিকে নির্জন স্থানে ফেলে রেখে মা মিতু আক্তার ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে তাঁর দাদির কাছে নিয়ে গেলে তিনি দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা শিশুটিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে নিয়ে যান।

খবর পেয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে শিশুর সুরক্ষা নিশ্চিত করেন। তিনি নিজের বাসা থেকে শিশুটির জন্য জামাকাপড় ও খাবারের ব্যবস্থা করেন। পরবর্তীতে মুঠোফোনে পিতা পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তিন দিনের মধ্যে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে সন্তানকে নিজের জিম্মায় নেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরিস্থিতি বিবেচনায় ইউএনও মো. হাবিবুল্লাহ্ উপস্থিত সবার সম্মুখে শিশুটিকে তাঁর ফুফু রেসমা খাতুনের কাছে হস্তান্তর করেন এবং ৩ দিনের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেন। আগামী সোমবার শিশুটির পিতাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইউএনও কার্যালয়ে তলব করা হয়েছে।

মা-বাবার পারিবারিক কোন্দলের শিকার অবোধ শিশুটির এমন অনিশ্চয়তায় স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন