বগুড়ায় ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
বগুড়ায় ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৮) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) মধ্যরাতে উপজেলার মোমিনহাটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত রীতা রানী ওই গ্রামের বিধান চন্দ্র মজুমদারের স্ত্রী। তাদের ছেলে ও মেয়ে কর্মক্ষেত্র ও পড়াশোনার কারণে ঢাকায় থাকেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র মজুমদার জানান, রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে তাঁরা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং মেঝেতে রীতা রানীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তখন বাড়ির সদর দরজাও খোলা ছিল।

টাকার জন্য দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। তবে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।