ফেনীতে কোটি টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ১০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ২১ জুলাই ভোরে ও সকালে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি’র বিশেষ টহল দল পৃথক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত এলাকার কামাল্লা ও পৈথরা নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি যানবাহন ও তার ভেতর রক্ষিত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
১০ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জব্দকৃত সব চোরাই পণ্য প্রচলিত নিয়ম ও বিধি অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক উদ্ধার ও চোরাচালান সম্পূর্ণ রোধে বিজিবির এ কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
এআইএল/সকালবেলা
|