নামাজের ভিডিও ভাইরাল, প্রশংসায় ভাসছেন নায়েক মতিন
বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার উত্তেজনার মাঝেই এক বিজিবি সদস্যের নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যমে ৫৫ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন ল্যান্স নায়েক মতিন নামের ওই সীমান্তরক্ষী।
আজ শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার চর বিলগাথুয়া সীমান্তে বিজিবির একটি টহল গাড়ির সামনে দাঁড়িয়ে তাঁকে আসরের নামাজ পড়তে দেখা যায়। নামাজরত ল্যান্স নায়েক মতিনের পরিচয় নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোররাত থেকে দৌলতপুর সীমান্তে ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (ঠেলে দেওয়া) চেষ্টা চালায় বিএসএফ। এ নিয়ে দিনভর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের সেই অপচেষ্টা নস্যাৎ হয়ে যায়। সীমান্তে এমন টানটান উত্তেজনার মাঝেই আসরের আজান হলে নিজের দায়িত্বের জায়গাতেই টহল গাড়ির পাশে নামাজে দাঁড়িয়ে যান ল্যান্স নায়েক মতিন। তাঁর এই কর্তব্যনিষ্ঠা ও ধর্মীয় অনুভূতির দৃশ্যটিই ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, আজ শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। অবৈধ অনুপ্রবেশের শিকার এই দলটিতে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত পুশইন ঠেকাতে স্থানীয় সাধারণ জনগণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অতন্দ্র প্রহরা জোরদার করা হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি ও স্থানীয় জনতা যৌথভাবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এআইএল/সকালবেলা
|