বাংলা কিউআর ও পুনঃঅর্থায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
বাংলা কিউআর ও পুনঃঅর্থায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সরকার শাহাদত হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং উদ্যোক্তা, ব্যবসায়ী ও কৃষকদের জন্য সহজ আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় “Bangla QR লেনদেন সম্প্রসারণ বিষয়ক কর্মসূচি” ও পুনঃঅর্থায়ন তহবিল বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ জুলাই ২০২৬) সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকার, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জনতা ব্যাংক পিএলসির গাইবান্ধা এরিয়া অফিসের ডিজিএম (অতিরিক্ত দায়িত্ব) মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ডিজিটাল লেনদেনের প্রসার এবং উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম ইনচার্জ এ.কে.এম মাহবুবুল ইসলাম, ব্র্যাক ব্যাংক পিএলসির এসএমই ব্যাংকিং ডিভিশনের রিজিওনাল হেড বিধান চন্দ্র মুখার্জী এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল।

‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, বাংলা কিউআরের মাধ্যমে যেকোনো ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাপ ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন করা সম্ভব। এতে ক্যাশলেস অর্থনীতি গড়ার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে।

সভায় সরকারের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, কৃষি ও এসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার তহবিল নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত তরুণ উদ্যোক্তা ও কৃষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা।

এআইএল/সকালবেলা