কুমিল্লায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকের একটি পোস্ট শেয়ার করা এবং পূর্বশত্রুতার জেরে মেহেদী হাসান আশিক নামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। 

গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কাদের বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন মামলার এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে জুগিরকান্দি ৪ নম্বর ওয়ার্ডের শাহ মিজান (৪৫), শাহ জামাল (৪০), কামাল হোসেন (৩৫), মনির হোসেন (৩০), গিয়াস উদ্দিন মেম্বার (৪৭), জামাল হোসেন (৪৭) ও মো. তারেকসহ (৩০) ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী আবদুল কাদের অভিযোগে জানান, দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে গভীর রাতে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের ঘুমন্ত বাড়িতে অতর্কিতে চড়াও হয়। হামলাকারীরা ঘরের দরজা ও থাই গ্লাসের জানালা ভাঙচুর করে এবং ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করে জখম করা হয়।

আহতদের স্বজন নাজমুল হাসান জানান, তাঁর প্রবাসী ভাই আশিককে নিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য পোস্ট করা হয়েছিল। গ্রামের আবুল কালাম নামের এক ব্যক্তি সেই পোস্টটি শেয়ার করলে গ্রামের কয়েকজন লোক গিয়ে তাঁর কাছে এর কারণ জানতে চান এবং বিষয়টি নিয়ে সামাজিকভাবে বিচার দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে গভীর রাতে তাঁদের বাড়িঘরে এই তাণ্ডব চালানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল বলেন, “আশিক আমাদের যুবদলের সক্রিয় সদস্য। যারা হামলা করেছে তারা জামায়াত-শিবিরের লোক। আমরা এই জঘন্য হামলার সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত শাহ মিজান বলেন, “আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ফেসবুকে পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে কামালকে মারতে গিয়ে তাকে না পেয়ে তারা নিজেদের বাড়িঘর নিজেরা ভাঙচুর করে আমাদের ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়েছে।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন