ফকিরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
ফকিরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ১

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে (১৬) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মূল সাতশৈয়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর গর্ভপাত ঘটায় ডিএনএ (DNA) টেস্টের জন্য মানবভ্রূণটি সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আজ শনিবার (২৩ মে) ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ: ২৩/০৫/২০২৬ইং)। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৬ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করে। পরিবারের সদস্যরা নিয়মিত ওই মাদ্রাসায় গিয়ে ছেলের খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ওই কিশোরীও একা ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত।

মাদ্রাসায় যাতায়াতের গ্রামীণ সড়কের পাশেই অভিযুক্ত রাছেক শেখ ওরফে সাইজের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো এক দিন দুপুরে ভাইয়ের জন্য খাবার দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় সড়ক জনমানবহীন থাকায় অভিযুক্ত রাছেক শেখ কৌশলে ওই প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে তাঁর মুদি দোকানের ভেতরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি করলে খুন করার ভয়ভীতি দেখানোর কারণে অবুঝ কিশোরী লোকলজ্জা ও ভয়ে বিষয়টি পরিবারের কাউকেই জানায়নি।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন, অনবরত বমি ভাব ও তীব্র অসুস্থতার লক্ষণ দেখে তাঁর মা বিষয়টি টের পান। গতকাল শুক্রবার (২২ মে) বাড়িতে প্রেগনেন্সি কিট দিয়ে প্রাথমিক পরীক্ষা করা হলে তাঁর গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গাইনি চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করানো হলে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার চূড়ান্ত সত্যতা মেলে।

এরপর পরিবারের নিবিড় জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী কিশোরী ইশারায় ও মুখে অভিযুক্ত মুদি দোকানদার রাছেক শেখের নাম ও স্থান প্রকাশ করে। এদিকে মানসিক ও শারীরিক চাপের কারণে আজ শনিবার সকালে ওই কিশোরীর আকস্মিক গর্ভপাত ঘটে এবং একটি মানবভ্রূণ বের হয়। আইনি প্রমাণের স্বার্থে ভ্রূণটি বর্তমানে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নিয়মে সংরক্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার সুনির্দিষ্ট অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাছেক শেখকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী কিশোরীর উদ্ধারকৃত মানবভ্রূণ ও ডিএনএ (DNA) ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষার পর এর আসল রহস্য এবং অপরাধের অকাট্য সত্যতা উদঘাটন করা সম্ভব হবে। মামলাটি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তাধীন রয়েছে।”

এআইএল/সকালবেলা