মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: দীঘিনালা ওসি
রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে রাস্তায় নেমেছেন পুলিশ সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দীঘিনালা থানা পুলিশের আয়োজনে বাবুছড়া পুলিশ ফাঁড়ি থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়। বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
র্যালিতে দীঘিনালা থানার এসআই রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবাইদুল্লাহ, স্থানীয় নেতাকর্মী, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। পরিবার ও সমাজ থেকে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হলে অপরাধীদের তৎপরতা কমে আসবে। মাদকের খবর পাওয়া মাত্রই পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।"
বৃষ্টির মধ্যে পুলিশের এ উদ্যোগে স্থানীয়রাও ইতিবাচক সাড়া দিয়েছেন। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
এআইএল/সকালবেলা
|