নওগাঁয় অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক
মো. শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁয় সামান্য টাকার জন্য সাধারণ মানুষকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নেওয়া চক্রের দুই কুখ্যাত ও দুর্ধর্ষ ছিনতাইকারীকে ধারালো অস্ত্র এবং লুণ্ঠিত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ মে) রাত ১টা ১৫ মিনিটে জেলা শহরের নুনিয়াপট্টি ফলপট্টি এলাকায় বিরামহীন অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— নওগাঁ জেলা সদরের শেখপুরা প্রেমতলী ব্রিজ ভরিয়াপাড়া এলাকার মো. মানিকের ছেলে মো. রায়হান (২১) এবং জনকল্যাণ শিশুপার্ক এলাকার মৃত মোশাররফ খলিফার ছেলে মো. লিটন (৩৫)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পেছনে ধানক্ষেতের পাশে নিজের গরু আনতে যান মোহন হোসেন (২৬) নামের এক যুবক। তিনি চকদেবপাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। মোহন ধানক্ষেতের পাশে পৌঁছামাত্র আগে থেকেই ওত পেতে থাকা ৩ জন অজ্ঞাতনামা সশস্ত্র ছিনতাইকারী চাকু উঁচিয়ে তাঁর পথরোধ করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী মোহন বাধা দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মোহনের রক্তাক্ত অবস্থা ও আর্তচিৎকার শুনে তাঁর বন্ধু নূর ইসলাম (২৫) বাঁচাতে এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাঁকেও গুরুতর জখম করে। পরে তাঁদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় রক্তপিপাসু চক্রটি।
নৃশংস এই ঘটনার খবর পাওয়ামাত্র নওগাঁর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই শাহীন মিয়া ও পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। একটানা ৩৬ ঘণ্টা বিরামহীন সাঁড়াশি অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোররাতে শহরের নুনিয়াপট্টি ফলপট্টি এলাকা থেকে চিহ্নিত দস্যু রায়হান ও লিটনকে ঘেরাও করে গ্রেফতার করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ১ হাজার ৯০০ টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রক্তাক্ত ধারালো এন্টিকাটার এবং একটি ধারালো চাকু জব্দ করা হয়। এই চক্রের সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে এবং ধৃতদের বিরুদ্ধে দস্যুতার সুনির্দিষ্ট ধারায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার (এসপি) বলেন, “শহরে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে নওগাঁ জেলা পুলিশ দিনরাত বিরামহীনভাবে কাজ করছে। সামান্য কিছু টাকা এবং মোবাইলের জন্য যারা মানুষকে পশুর মতো নির্মমভাবে আঘাত করতে দ্বিধা করে না, তারা সমাজের জানোয়ার। এদের শুধু আইনি শাস্তি নয়, এদের বিরুদ্ধে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।” পশুর মতো অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।
এ.আই.এল/সকালবেলা