মুক্তাগাছায় হিজড়াদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
মুক্তাগাছায় হিজড়াদের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সমাজের অনগ্রসর তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ জাকির হোসেন বাবলু’র সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজ রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার ১৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে সংসদ সদস্যের এই ঈদ উপহার ও নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।

পবিত্র ঈদ উপলক্ষে সংসদ সদস্যের পক্ষ থেকে এই বিশেষ অর্থ সহায়তা পেয়ে গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপহারপ্রাপ্তরা। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাঁরা বলেন, “সমাজে যেখানে অবহেলা আর বঞ্চনাই আমাদের নিত্যসঙ্গী, সেখানে ঈদের আগে এমপির এই মানবিক সহায়তায় আমরা অত্যন্ত খুশি হয়েছি।” এ সময় তাঁরা শুধু সাময়িক সাহায্যই নয়, বরং স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করে কাজের সুযোগ ও সরকারি উদ্যোগে আবাসন ব্যবস্থার দাবি জানান, যাতে তাঁরা আর দশটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন।

অর্থ বিতরণ শেষে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র জানান, মুক্তাগাছা আসনের সম্মানিত সংসদ সদস্য জাকির হোসেন মহোদয়ের পক্ষ থেকে আজ তৃতীয় লিঙ্গের ১৫ জন মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হলো। সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলোও যেন আমাদের আনন্দের অংশীদার হতে পারেন, সেই লক্ষ্যেই মূলত প্রশাসন ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করছেন।

এআইএল/সকালবেলা