নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় মিজান সেখানে এসে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে ধাওয়া দেওয়া হলে তিনি সেখান থেকে চলে যান।

পরে কালিরহাট বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর মরদেহ সড়কে ফেলে রাখা হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় একটি রক্তমাখা লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি ছুরি পাওয়া গেছে।

নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, বৈঠকে কথা কাটাকাটির পর মিজান চলে যায়। পরে শুনেছি, কে বা কারা তাকে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে গেছে। মিষ্টি বিতরণের বিষয়টি তার জানা নেই।

তবে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে মারার পর বাজারে মিষ্টি বিতরণ করা হয়।

কবিরহাট থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, গণপিটুনিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন