সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে বিএনপিতে শতাধিক শিক্ষার্থী

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে বিএনপিতে শতাধিক শিক্ষার্থী

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের একটি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর হাত ধরে নবাগত শিক্ষার্থীরা দলে যোগ দেন। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতনভাবে গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিএনপিতে যুক্ত হওয়া গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবি আদায়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করবে। নতুন প্রজন্ম গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবাগত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বৈষম্য, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির নেতৃত্বে সক্রিয়ভাবে কাজ করতে চান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন