ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তারাগঞ্জে মব হত্যার মূলহোতা গ্রেফতার
রংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে মব করে রূপলাল দাস ও তার ভাগ্নি জামাই প্রদীপ দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ পাঁচ মাস পর মূলহোতা ইউনুস আলীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা এবি পার্টির সদস্য সচিব। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
ইউনুস আলীর বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামে। পুলিশ জানায়, গত বছরের ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রূপলাল দাস ভ্যানে করে ভাগ্নি জামাই প্রদীপ দাসকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বুড়িরহাট বটতলা মোড়ে তাদের তল্লাশি করে বাংলা মদ পাওয়া গেলে এলাকাবাসী চুরির অপবাদ দিয়ে পার্শ্ববর্তী স্কুল মাঠে নিয়ে মব তৈরি করে দুজনকে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
স্বজনদের অভিযোগ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের উদ্ধার না করে ফিরে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে রূপলাল দাসকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত প্রদীপ দাস রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। রূপলালের স্ত্রী আরতী রানী বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্তে ১১ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত ইউনুস আলী দীর্ঘদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল। ভাইরাল ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। রবিবার ইউনুস আলীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ